মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে রাতের আঁধারে এক সাংবাদিকের রেস্টুরেন্ট ভেঙে গুঁড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে জেলার গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া এলাকার মহাসড়কের পাশে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মোহাম্মদ জসিমউদ্দিনেরে ‘কাহুদি রেস্টুরেন্ট এস্কেভেটর দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হওয়ার দাবি করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
তিনি জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে তার সাথে পুরান বাউশিয়া গ্রামের মৃত আ: মোতালেবের ছেলে কামরুল হাসান শামীমের বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে একাধিক মামলা চলমান। গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিপক্ষ কামরুল হাসান শামীম ও তার সঙ্গীয় আলমগীরের নেতৃত্বে একদল লোক রেস্টুরেন্টে তালা ঝুলিয়ে দেয়। পরে ওই দিন গভীর রাত আড়াইটায় এস্কেভেটর দিয়ে রেস্টুরেন্ট গুঁড়িয়ে দেয়া হয়।
মুন্সীগঞ্জ পুলিশ সুপার মুহাম্মদ শাসসুল আলম সরকার বলেন, অভিযোগ দেয়া হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।