রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৪-২০২৫ সেশনে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তির জন্য প্রাক-নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার অনুষ্ঠিত এ পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৭৭ দশমিক ৯৫ শতাংশ।
রুয়েটের জনসংযোগ শাখা জানায়, ভর্তি পরীক্ষাটি তিন শিফটে রুয়েটের বিভিন্ন ভবনে সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। প্রথম বর্ষ প্রাক-নির্বাচনী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১৯ হাজার ৯১৫ জন ছাত্র-ছাত্রী মনোনীত হয়েছিল। প্রথম শিফট, দ্বিতীয় শিফট ও তৃতীয় শিফটে যথাক্রমে ৭৮ দশমিক ৬৭ শতাংশ, ৭৭ দশমিক ৯৮ শতাংশ ও ৭৭ দশমিক ২১ শতাংশ ছাত্র-ছাত্রী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। অর্থাৎ তিনটি শিফটের ভর্তি পরীক্ষায় মোট উপস্থিতির হার ছিল ৭৭ দশমিক ৯৫ শতাংশ।
রুয়েট ভিসি অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকসহ বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা পরীক্ষার হলগুলো পরিদর্শন করেন।