বরগুনার তালতলীতে নয়া দিগন্তের উপজেলা সংবাদদাতা ও তালতলী প্রেস ক্লাবের সদস্য মো: ইউসুফ আলীর ওপর নৃশংস হামলা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি এবং টেলিভিশন ফোরামের সভাপতি ফয়সাল সিকদারকে হত্যা মামলায় আসামি করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলার সদর রোডে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
তালতলী প্রেস ক্লাবের সহ-সভাপতি মংচিন থানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন তালতলী টেলিভিশন ফোরামের সাধারণ সম্পাদক জলিল আহমেদ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন, তালতলী সাংবাদিক ফোরামের সভাপতি হাইরাজ মাজি, তালতলী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহা: আবুবকর সিদ্দিক, সাংবাদিক ফয়সাল সিকদারের মা হালিমা বেগম, স্ত্রী শাহানাজ বেগম, বোন সোহাগি আক্তার মারুফা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ৩১ জানুয়ারি উপজেলার শালিকখালি ইউনিয়নের আঙ্গার পাড়া গ্রামে জোরপূর্বক জমি দখলের সংবাদ সংগ্রহ করতে যায় সাংবাদিক ইউসুফ আলীসহ তিনজন। এ সময় পুলিশের সামনে সাংবাদিকদের ওপর আ: সত্তারের নেতৃত্বে ভূমিদস্যু আমির ও তার পিতা আব্দুল হাই সিকদার, আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য আবুল কালাম গাজী, শহিদুল, ওহাব মোল্লাসহ স্থানীয় ও ভাড়াটে সন্ত্রাসীরা নৃশংস হামলা চালায়। পরে ইউসুফ আলীর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ দিয়ে দ্রুত বিচার আদালতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়।
বক্তারা আরো বলেন, গত ১ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে উপজেলার কচুপাত্রা বাজারে আরাফাত খানকে কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের ঘটনায় সাংবাদিক ফয়সাল সিকদারকে ষড়যন্ত্রমূলকভাবে আসামি করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।



