গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিপুল মণ্ডল (৪০) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজের ১৮ ঘণ্টা পার হলেও এখনো তার খোঁজ পাওয়া যায়নি।

রোববার (৯ ফেব্রুয়ারি) খালে জেলে নিখোঁজ হওয়ার খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিস ও মাদারীপুর ফায়ার সার্ভিসের একদল ডুবুরি নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।

এর আগে শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার আমতলী ইউনিয়নের গচাপাড়া খালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন তিনি।

বিপুল মণ্ডল উপজেলার আমতলী ইউনিয়নের দক্ষিণ গচাপাড়া গ্রামের মতিলাল মণ্ডলের ছেলে বলে জানা গেছে।

জানা গেছে, প্রতি দিনের মতো সন্ধ্যার দিকে বিপুল মণ্ডল গচাপাড়া গ্রামের দক্ষিণ পাসের খালের স্লুইচ গেটের পাশে চরপাটা জাল দিয়ে মাছ ধরতে যায়। বিপুল মণ্ডল রাতে বাড়িতে ফিরে না আসায় তার স্ত্রী ওই খালে খুঁজতে যায়। খালে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে থাকেন।

পরে ওই স্থান থেকে অনেক দূরে গিয়ে তার নৌকায় ভেজা কাপড় ও বন্ধ মোবাইলসহ টর্চ লাইট দেখতে পায়। তার স্ত্রীর ধারণা, কেউ তার স্বামীকে ধরে নিয়ে যেতে পারে।

উপজেলা আমতলী ইউনিয়নের স্থানীয় মেম্বার কালাম মিয়ার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘বিপুল মণ্ডল একটি ভদ্র ছেলে তার সাথে কারো মতবিরোধ নেই। এখানে তার সাথে কোনো প্রকার নাশকতা বা শত্রুতামূলক কিছু হয়ে থাকতে পারে বলে আমরা মনে করি না।’

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল কালাম আজাদ বলেন, ‘মাছ ধরতে গিয়ে একজন নিখোঁজের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’