রাজবাড়ীর গোয়ালন্দে সন্ত্রাসী ফ্যাসিবাদী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ, সাম্প্রতিক নিষিদ্ধ হওয়া সংগঠন ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির প্রতিবাদ, জুলাই গণহত্যার বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১২টায় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এরপর গোয়ালন্দ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে এক সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত করা হয়।
এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ছাত্র আন্দোলনের নেতা সজিব শাহরিয়ার, রবিন নুরতাজ, আবির হাসান, রাকিবুল রাকিব, ফাহিম হিমেল, রেদোয়ান মাহমুদ, জান্নাতুল অন্তরা প্রমুখ। আওয়ামী লীগকে ফ্যাসিস্ট ও সন্ত্রাসী রাজনৈতিক দল হিসেবে দাবি করে তারা আরো বলেন, যারা এ দেশের মানুষের ওপর অন্যায়-অত্যাচার, জুলুম-নিপীড়ন চালিয়েছে তাদের বিচার এই বাংলার মাটিতেই করতে হবে। তারা সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির প্রতিবাদ জুলাই গণহত্যার বিচার দাবি জানান।



