ভোলার দৌলতখানে একটি পারিবারিক কবরস্থান থেকে দুই নারীর কঙ্কাল চুরি যাওয়ার অভিযোগ উঠেছে। গত শনিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের জয়নগর গ্রামের আলহাজ মুকবুল মিয়ার বাড়ির পারিবারিক কবরস্থানে এ ঘটনা ঘটে।
চুরি হওয়া কঙ্কালের মধ্যে একটি হলো ওই গ্রামের আনিসুল হকের স্ত্রী শাহানাজ বেগমের (৪৫), অপরটি একই গ্রামের বেচু ব্যাপারির মেয়ে হাজেরা বেগমের (৩০)। এদের মধ্যে শাহানাজ গত ১ বছর আগে এবং হাজেরা বেগম ৯ মাস আগে মারা গেছেন।
স্থানীয়রা জানান, ফজরের নামাজ পড়ে তারা ওই পারিবারিক কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় পাঁচটি কবর খোঁড়া দেখতে পান। পরে কবরগুলো যাচাই করে দেখেন দুটি কবরের কঙ্কাল চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। পরে তারা পুলিশকে খবর দেন। কিন্তু কে বা কারা এ কাণ্ড ঘটিয়েছে সে ব্যাপারে কেউই কিছু বলতে পারছেন না।
এ ব্যাপারে মৃতের স্বজন ও এলাকাবাসীরা বলছেন, যারা এমন নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তাদের আইনের আওতায় আনা হোক। ভবিষ্যতে যাতে এমন ঘটনা দ্বিতীয়বার না ঘটে। ওই এলাকার মসজিদের ইমাম মাওলানা অলিউল্লাহ জানান, এটি চরম দুঃখজনক ঘটনা। যারা এই ঘৃণ্যতম কাজ করেছেন আল্লাহ তায়ালা তাদের ইসলামের সহি বুঝ দান করুক। দৌলতখান থানার ওসি জিল্লুর রহমান জানান, কবর থেকে কঙ্কাল চুরি যাওয়ার ঘটনাটি শুনেছি। ঘটনা তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।