রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় পদ্মা নদীতে জেলেদের জালে ২০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। মাছটি দৌলতদিয়া ঘাটের আড়তে ৩১ হাজার ৬৮০ টাকায় বিক্রি হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পদ্মায় ফেলা বেড় জালে এ মাছটি শিকার করে জেলেরা।

জানা গেছে, রাতে বেড় জাল নিয়ে পদ্মায় মাছ শিকারে যায় জেলেরা। ছোট বড় আকারের নানা প্রজাতির মাছ ধরা পড়েছিল। শেষ রাতের দিকে বিশাল আকৃতির ওই বাঘাইড় মাছটি জালে আটকা পড়ে। এরপর সোমবার সকালে দৌলতদিয়া টার্মিনালে মৎস্য আড়ৎতে নিয়ে এলে সেখানে উন্মুক্ত নিলামে এক হাজার ৬০০ টাকা কেজি দরে ৩১ হাজার ৬৮০ টাকায় শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাহজাহান মিয়া সম্রাট মাছটি কিনে নেন। আরো বেশি দামে বিক্রির জন্য ওই বাঘাইড় মাছটি আড়তে রাখা হয়েছে।

শাহজাহান মিয়া সম্রাট জানান, মাছটি কিনে পরবর্তী বিক্রির জন্য বিভিন্ন এলাকার ক্রেতাদের সাথে যোগাযোগ চলছে তার। কিছু লাভ পেলে মাছটি বিক্রি করা হবে।