নিখোঁজের ৩৬ ঘণ্টা পরে জেলে বিপুল মণ্ডলের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঘাঘর-পয়সার হাট খালের গচাপাড়া গ্রামের এম এম খান স্কুলের সামনে একটি লাশ ভাসতে দেখে কোটালীপাড়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে পুলিশ।
লাশটি বিপুল মণ্ডলের বলেও পরিবার নিশ্চিত করেছে। নিহতের স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিপুল মণ্ডল কোটালীপাড়া উপজেলার আমতলি ইউনিয়নের গচাপাড়া গ্রামের মৃত মতিলাল মণ্ডলের ছেলে। এক ছেলে, এক মেয়ে ও মাসহ পাঁচ সদস্যের পরিবারে বিপুল মণ্ডল ছিলেন একমাত্র উপার্জন সক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে গচাপাড়া গ্রামে ও বিপুল মণ্ডলের বাড়িত শোকের ছায়া নেমে এসেছে।
গত ৮ ফেব্রুয়ারি শনিবারব প্রতিদিনের মতো মাছ ধরতে যায় বিপুল মণ্ডল। সন্ধ্যা ৭টা থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ বিষয়ে কোটালীপাড়া থানায় একটি সাধারণ নিখোঁজ ডায়েরি করা হয়েছিল।
এ বিষয়ে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, গচাপাড়া খালে একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে বিপুলের লাশ বলে নিশ্চিত হয়। তিনি আগে দুইবার স্ট্রোক করেছিলেন বলে জানিয়েছে তার পরিবার। তাই স্ট্রোকজনিত কারণে খালে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিবার ও এলাকাবাসীর অনুরোধে বিপুলের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



