বগুড়ার শেরপুরে পৃথক পৃথক অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য, হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় দু’আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে গ্রেফতার হওয়া আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন উপজেলার সুঘাট ইউনিয়নের গুয়াগাছি গ্রামের মরহুম গোলাম রহমান খানের ছেলে উপজেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম ওরফে আইয়ুব খান (৫৭) ও খামারকান্দি ইউনিয়নের খামারকান্দি দহপাড়া গ্রামের মরহুম সেকেন্দার আলী প্রামাণিকের ছেলে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি সদস্য রফিকুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুঘাট ইউনিয়নের গুয়াগাছি গ্রামে অভিযান চালিয়ে বাড়ি থেকে আইয়ুব খানকে ও গাড়ীদহ ইউপির ফুলবাড়ী বাজার হতে রাত পৌনে ১টার দিকে রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, পুলিশ রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে কৃষকলীগ ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করে আদালতের নিকট সোপর্দ করেছে।