নোয়াখালী চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান তারেকের পদত্যাগ দাবিতে চৌমুহনীতে সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ ঘটনার ফলে দু’দিকে শত শত যানবাহন আটকা পড়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে এ অবরোধ শুরু করে শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা এক দফা এক দাবি কর্মসূচি ‘তারেকের পদত্যাগ’ দাবিতে সফল না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। প্রথমে শিক্ষার্থীরা স্কুলের প্রধান পটকে তালা ঝুলিয়ে দেয়। পরে বিদ্যালয়ের সামনে চৌমুহনী-ফেনী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করে।

জানা গেছে, মাহবুবুর রহমান তারেক ঐতিহ্যবাহী চৌমুহনী মদনমোহন স্কুলে যোগদান করার পর থেকে তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তোলেন শিক্ষক ও সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসী। তিনি স্বেচ্ছাচারীরতার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে। এছাড়া প্রধান শিক্ষক মাহবুবুর রহমান তারেক স্বৈরাচার শেখ হাসিনার দোসর, বেগমগঞ্জের সাবেক এমপি মামুনুর রশিদ কিরণের পা চাটা গোলাম আখ্যায়িত করে অবিলম্বে তার পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা।

পরে দুপুর ১টার দিকে ঘটনাস্থলে সেনাবাহিনী, বেগমগঞ্জ থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থীদের দাবি মানার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, ‘শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে প্রধান শিক্ষকের অপসারণ দাবি করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থীদের দাবি নিয়ে কথা বলার আশ্বাসে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেয়।