নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্টে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) রাতভর এ অভিযান চলে।

এ অভিযানে আড়াইহাজারে ১৩ জন এবং ফতুল্লা, সোনারগাও ও রুপগঞ্জে একজন করে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে যুবলীগ, স্বেচ্ছসেবক লীগ ও বিএনপির চার নেতাও রয়েছেন।

অভিযানে আড়াইহাজার যুবলীগের সহ-সভাপতি ও বাঞ্ছারামপুর বিএনপির চার নেতাসহ ১৩ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এদের মধ্যে মাদক সেবন অবস্থায় বি-বাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের চার নেতাকে বিশনন্দী ফেরিঘাট এলাকা থেকে এবং যুবলীগ নেতাসহ অপর নয়জনকে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

গ্রেফতাররা হলেন আড়াইহাজার যুবলীগের সহ-সভাপতি মো: হারুণ অর রশিদ, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাহাবুব হাসান, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবুল কালাম, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামালউদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লিটন, বাগাদী কান্দাপাড়া এলাকার মো: খাইরুদ্দিন ইমন, কল্যান্দী এলাকার রিফাত হাসান, কামরানীরচর এলাকার হোসাইন গাজী, বগাদী কান্দাপাড়া এলাকার সোহাগ, মোসাদ্দেক হোসেন, সোনাকান্দা এলাকার আল আমিন জুয়েল রানা, মো: আবু মুছা ও রাসেল।

গ্রেফতারদের মধ্যে যুবলীগ নেতা মো: হারুন অর রশিদ আড়াইহাজার থানার মামলা নং ১২ (৮) ২৪ মূলে গ্রেফতার আসামি। বাঞ্ছারামপুর বিএনপির চার নেতাসহ ছয় জনকে ৩৪ ধারা মূলে গ্রেফতার দেখানো হয়েছে। বাকি ছয়জনকে ফৌ: কা: আইনের ১৫১ ধারায় গ্রেফতার দেখানো হয়েছে।

আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, ‘অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে ১৩ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। তাদেরকে বিভিন্ন ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ দিকে অভিযানে ফতুল্লা থানা যুবলীগের দফতর সম্পাদক মো: ইদ্রিস, রূপগঞ্জের তারাবো ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান শান্ত, সোনারগাও সাদিপুর ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মামুন ভুইয়াকে গ্রেফতার করা হয়।’