কোনো অপশক্তির তৎপরতা চলতে দেয়া হবে না মন্তব্য করে বাংলাদেশের জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘২০২৪-এর গণঅভ্যুত্থান নস্যাৎ করার জন্য এই ফ্যাসিবাদের দোসরা নানামুখী তৎপরতা চালাচ্ছে। সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা এই ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করে, এই গণহত্যার বিচার নিশ্চিত করুন।’

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল রোড চৌরাস্তা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় জামায়াত ইসলামী আয়োজিত প্রতিনিধি সম্মেলন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘সরকারের ভেতরে ফ্যাসিবাদের দোসরেরা ঘাপটি মেরে বসে আছে। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে রাষ্ট্রের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করে রাষ্ট্রকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে। মানুষের জান মালের নিরাপত্তা দেয়ার সরকারের দায়িত্ব। ফ্যাসিবাদ ফিরিয়ে আনার জন্য ছাত্র-জনতা জীবন দেয় নাই। আমাদের ভুলে গেলে চলবে না দু’হাজারের বেশি মানুষ শুধু এক মাসেই জীবন দিয়েছে। শহীদদের এই আত্মত্যাগের কথা আমাদের মনে রাখতে হবে।’

তিনি বলেন, ‘কেউ কেউ আওয়ামী লীগের জন্য মায়া কান্না করছে। আওয়ামী লীগ তো গণতন্ত্রই বিশ্বাস করে না, ভোটের অধিকার বিশ্বাস করে না। আওয়ামী লীগ একটি গণতন্ত্র হত্যাকারী দল। ভোটের অধিকার কেড়ে নেয়া দল। বাংলার জনগণ এই গণতন্ত্র হত্যাকারী, ভোটের অধিকার হরণকারী ফ্যাসিস্টদের বিচার চায়।’

মাওলানা রকিবুল ইসলামের সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলন ও সুধী সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মো: নজরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলি, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহীদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিরাজগঞ্জ জেলা সেক্রেটারি সোলায়মান হোসেন, সলঙ্গা থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা রাকিবুল হাসান।