জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষা চলাকালে মাসু আক্তার নামে এক মোবাইল চোর ধরা পড়েছে। গতকাল সোমবার দুপুরে সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে তাকে আটক করা হয়।
ভুক্তভোগী শিক্ষার্থী ইশরাতুন জাহান হীরা বলেন, বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ সেশনে ভর্তি পরীক্ষা চলাকালে আমি (৪৮ ব্যাচ) সমাজবিজ্ঞান অনুষদ থেকে বের হয়ে শহীদ মিনারের দিকে যাচ্ছিলাম। ওই মহিলা আমার পেছনে পেছনে আসছিলেন। হঠাৎ আমার ব্যাগটা হালকা অনুভব করি ও চেইন খোলা দেখতে পাই। সাথে সাথে দেখি ব্যাগে ফোনটি নেই। আমার পেছনে থাকা মহিলাকে সামনে যেতে দেখি। সন্দেহ হলে তাকে আমি আটক করি এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীদের সহযোগিতায় ওই নারীকে তল্লাশি করলে তার ব্যাগ থেকে আমার ফোনসহ তিনটি স্মার্ট ফোন পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদে আটক নারী মোবাইল চুরির কথা স্বীকার করে জানান, তার গ্রামের বাড়ি পটুয়াখালীর পাথরঘাটায়। তিনি সাভারের নিউমার্কেট এলাকার আনিস বাড়িতে থাকেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যায়ের প্রক্টর প্রফেসর এ কে এম রাশিদুল আলম জানান, চুরির বিষয়টি অবগত হয়েছি। দায়িত্বরত সিকিউরিটি গার্ডকে নির্দেশনা দিয়েছি। পরে ওই নারীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।