পিরোজপুরের ইন্দুরকানীতে পিতাকে খুন করতে না পেরে মাকে গাছের সাথে বেঁধে বসতঘর পুড়িয়ে দিয়েছে ছেলে। গত রোববার সন্ধ্যায় উপজেলার প্রত্যন্ত চরনী পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চরনী পত্তাশী গ্রামের জয়নাল কাজীর ছেলে আল আমিন নারী সংক্রান্ত কারণে স্ত্রীর অভিযোগে সেনাবাহিনী থেকে ২০২৪ সালে চাকরিচ্যুত হয়। আল আমিনের চারিত্রিক সমস্যার কারণে তার দ্বিতীয় স্ত্রীও ডিভোর্স দিয়ে চলে যায়। এ ঘটনায় আল আমিন তার বাবাকে দোষারোপ করে।
গত রোববার সকালে আল আমিন চট্টগ্রাম থেকে বাড়ি এসে তার পিতাকে হত্যার জন্য ধারালো অস্ত্র নিয়ে ঘুরতে থাকে। ঘটনা বেগতিক দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। ইন্দুরকানী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই আল আমিন পালিয়ে যায়। পুলিশ চলে যাওয়ার পর আল আমিন উত্তেজিত হয়ে তার মাকে ঘরে সুপারি গাছের সাথে বেঁধে রেখে বসতঘরটি পুড়িয়ে দেয়।
তার মায়ের চোখের সামনেই আগুনে সবকিছু ভস্মীভূত হয়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়ে যায়। খবর পেয়ে ইন্দুরকানী থানার ওসি পুনরায় ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আল আমিনকে আটক করে থানায় নিয়ে যায়।
আল আমিন জানায়, তার পিতা তার স্ত্রীকে ডিভোর্স দেয়াইছে এবং সে খুব খারাপ লোক বিধায় আল আমিন এমন কাজ করেছে।
ইন্দুরকানী থানার ওসি মারুফ হোসেন জানান, চরনী পত্তাশী গ্রামে মাকে বেঁধে ছেলে বসতঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলে আল আমিনকে আটক করে থানায় নিয়ে এসেছি। এ ঘটনায় তার পিতা বাদী হয়ে মামলা করবেন।