বগুড়া শহরের জিরো পয়েন্ট সাতমাথাসংলগ্ন এলাকার প্রায় ১৪ কোটি টাকা মূল্যের সম্পত্তি অর্ধশত বছর পর সরকারি হেফাজতে নিয়েছে জেলা প্রশাসন। বগুড়া সদরের সূত্রাপুর মৌজার তিনদাগে ১৩ দশমিক ২৫ শতাংশ সম্পত্তি ও ভবন দীর্ঘ দিন ধরে ব্যবহার করছিল আওয়ামী লীগ ও জাসদ ইনু দলীয় কার্যালয় হিসেবে। এর মধ্যে জাসদের নামে কোনো লিজ ছিল না এবং আওয়ামী লীগ লিজ নিলেও ভাড়া পরিশোধ করত না।
জানা গেছে, শহরের সাতমাথা এলাকায় বৃটিশ আমলে সাড়ে ছয় শতক সম্পত্তির ওপর নির্মিত ভবন ১৯৪৭ সালে হিন্দুরা ফেলে গেলে তা মোটর মালিক সমিতি লিজ নিয়ে ব্যবহার করত। এরপর ১৯৭২ সালে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) অবৈধভাবে দখলে নিয়ে জেলা কার্যালয় হিসেবে ব্যবহার শুরু করে। এ নিয়ে মোটর মালিক সমিতি মামলা করলে তা দীর্ঘ দিন ঝুলে থেকে ২০২৪ সালে খারিজ হয়ে যায়। মামলা চলাকালে সম্পত্তিসহ ভবন ৫৩ বছর ধরে জাসদের অবৈধ দখলে ছিল। গত বৃহস্পতিবার রাতে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা বুলডোজার দিয়ে জাসদ অফিসসহ পাশের আওয়ামী লীগ অফিসও গুঁড়িয়ে দেয়। গত শনিবার বিকেলে ছাত্র-জনতা সেখানে শহীদ আবু সাঈদের নামে মসজিদ নির্মাণের ঘোষণা দেয়। এ ছাড়া মোটর মালিক সমিতির এক নেতার পরিবার জায়গার মালিক দাবি করে ব্যানার টানায়। তবে রাতে সম্পত্তি দখলে নিয়ে ব্যানার টাঙায় জেলা প্রশাসনের কর্মকর্তারা। এর পাশে আরো দুই দাগে সাত শতাংশ জমির ওপর আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়নসহ কয়েকটি প্রতিষ্ঠান ছিল। ওই সম্পত্তির মূল্য প্রায় ১৪ কোটি টাকা।
বগুড়া জেলা জাসদ (ইনু) সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জানান, ওই সম্পত্তি হিন্দু সম্প্রদায়ের কয়েকজন ব্যক্তির নামে ছিল। ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান বিভক্ত হওয়ার সময় তারা ভারতে চলে যান। পরে সরকার জায়গাটির কর্তৃত্ব গ্রহণ করে। তবে ১৯৭২ সাল থেকে আমরা সেখানে আছি এবং লিজের জন্য আবেদন করি। আবেদন করার পর মালিকানা দাবি করে বগুড়া মোটর মালিক গ্রুপ মামলা করলে আবেদনটি অমিমাংসিত থেকে যায়। এক বছর আগে ওই মামলাটি খারিজ হয়ে যায়।
এ ব্যাপারে বগুড়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ চন্দ্র সরকার বলেন, মূল্যবান এ সম্পত্তি যেন কেউ দখল করতে না পারে সে জন্য ব্যানার টানানো হয়েছে।
এ ব্যাপারে বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা গণমাধ্যমকে বলেছেন, ‘ওটা সরকারি সম্পত্তি। তাই আমার লোকজন সেখানে অন্য সাইনবোর্ড খুলে অর্পিত সম্পত্তির সাইন বোর্ড ঝুলিয়ে দিয়েছে। তিনি আরো বলেন, ‘কেউ যদি ওই সম্পত্তি নিজের দাবি করেন তাহলে তাকে সঠিক কাগজপত্র উপস্থাপন করতে হবে।



