দেশব্যাপী চলমান ‘অপারেশন ডেভিল হান্টে’ মানিকগঞ্জের সিংগাইরে এক ইউপি সদস্যসহ সাত আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারদের পৃথক দু’টি মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে সিংগাইর থানার উপ-পরিদর্শক (এসআই) আ: মুত্তালিব জানান, রোববার দিবাগত রাতে পাশের সাভার ও সিংগাইর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হচ্ছেন উপজেলার জামির্ত্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও রামচন্দ্রপুর ধাইরা পাড়া গ্রামের মরহুম নুরুল ইসলামের ছেলে রিয়াজ (৩৭), আলিনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৪০), বকচর গ্রামের মরহুম হাসেম আলীর ছেলে আমজাদ হোসেন (৪৫), রাজনগর গ্রামের নাজিমুদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৪৯), চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর গ্রামের আব্দুর রশিদের ছেলে হাবিবুর রহমান শিবলু (৪৬), চারিগ্রাম ইউনিয়নের দাসেরহাটি গ্রামের মরহুম ফরমান আলীর ছেলে দেওয়ান মজনু (৫৪) ও ধল্লা ইউনিয়নের ধল্লা-মধ্যপাড়া গ্রামের মরহুম হাজী বিল্লালের ছেলে আব্দুস সামাদ (৫০)।

গ্রেফতাররা প্রত্যেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

এদের মধ্যে মজনুকে সিংগাইর বাসস্ট্যান্ড প্যারামাউন্ট মার্কেটের সামনে কলেজ ছাত্রদল নেতাকে হত্যার চেষ্টা ও বিস্ফোরক দ্রব্যের মামলায় এবং বাকি ছয়জনকে ধল্লা পুলিশ ক্যাম্পে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলায় গ্রেফতার দেখনো হয়েছে।

এদিকে সোমবার দুপুরে প্রিজন ভ্যানে গ্রেফতারদের কোর্টে পাঠানোর সময় সিংগাইর থানা চত্বর ও আশপাশের এলাকায় স্বজনদের ভিড় লক্ষ করা গেছে। তাদের পরিবারের দাবি, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। এমন হয়রানি বন্ধের জোর দাবিও জানান তারা।

এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাহিদুল ইসলামের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে তিনি রিসিভ করেননি।

সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) নাজমুল হাসান বলেন, ‘আমি ঢাকায় ট্রেনিংয়ে আছি, বিষয়টি অবগত না।’