দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, ‘সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতির ৭০-৮০ ভাগ পিপিআর ২০০৬ এবং পিপিআর ২০০৮ সম্পর্কিত। এদিকে নজর দিলে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতি অনেকাংশে কমিয়ে ফেলা সম্ভব’।
গতকাল মুন্সীগঞ্জের গজারিয়ায় ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজে দুদক কর্মকর্তাদের সরকারি ক্রয়নীতির ওপর ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কেনাকাটায় অসংখ্য দুর্নীতির খবর আপনারা পেয়েছেন। কোথাও অস্বাভাবিক বেশি দামে মালামাল কেনা হয়েছে কোথাও নিম্নমানের মালামাল কেনা হয়েছে যা এখন ব্যবহার করা যায় না। এ ব্যাপারে দুদক কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে এই প্রশিক্ষণ কর্মসূচি’।
দুর্নীতি করে বিদেশে পালিয়ে যাওয়া ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনতে দুদক কোনো ব্যবস্থা নেবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, এটি একটি দীর্ঘ প্রক্রিয়া তবে আমাদের চেষ্টা থাকবে তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি দাঁড় করানোর।