চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বেতাগীতে উপজেলা প্রশাসন ও চট্টগ্রাম পরিবেশ অধিদফতর যৌথ অভিযান চালিয়ে একটি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দেয়াসহ আরো একটি ইটভাটাকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে ইটভাটা পরিচালনা, পাহাড় কাটা ও টপ সয়েল কেটে আবাদি কৃষিজমি ধ্বংসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। গত সোমবার মোবাইল কোর্ট পরিচালনা করেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদফতর ও রাঙ্গুনিাা মডেল থানা পুলিশ।
আদালত সূত্র জানায়, উপজেলার বেতাগী ইউনিয়নের বানিয়াখোলা এলাকায় অনুমোদনহীন ইটভাটা পরিচালনায় পরিবেশ ধ্বংসকারী ড্রাম চিমনি দ্বারা ইট পোড়ানোর কাজে কাঠ ব্যবহার করায় একটি ইটভাটার ক্ষতিকর ড্রাম চিমনি ধ্বংস করা হয়। এ ছাড়াও একই এলাকায় অবৈধভাবে পাহাড় কেটে ধ্বংস করা, জ্বালানি হিসেবে বনের কাঠ ব্যবহার ও কৃষিজমির টপসয়েল কাটার অপরাধে একটি ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে ছয় লাখ টাকা অর্থদণ্ড করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।