মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বেদে সম্প্রদায়ের একটি বসতবাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই বেদে সম্প্রদায়ের হারুনের ছেলে মোহাম্মদ হেমায়েতের টিন ও কাঠের তৈরি একটি দোতলা ঘর পুড়ে গেছে। এ ঘটনায় আনুমানিক ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষতিসাধন হয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯টায় উপজেলার কুকুটিয়া ইউনিয়নের হাড়িয়া মুন্সীয়া এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘর মালিক মোহাম্মদ হেমায়েতের দাবি, ষড়যন্ত্রমূলকভাবে বসতঘরে আগুন দেয়া হয়েছে। এ বিষয়ে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

মো: সাব্বির নামে এক যুবক জানান, তিনি দূর থেকে ঘরটির দোতলায় আগুন দেখতে পেয়ে জরুরি সেবায় (৯৯৯) কল করেন।

ওই এলাকার স্থানীয় ইউপি সদস্য মো: স্বপন শেখ বলেন, দুই উপজেলার সীমানাবর্তী স্থানে বেদে সম্প্রদায়ের ওই বাড়িটির অবস্থান হওয়ায় অগ্নিকাণ্ডের বিষয়ে সঠিক করে কিছু বলতে পারছি না।

ভুক্তভোগী মোহাম্মদ হেমায়েতের মামা আব্দুর রব জানান, ঘটনার দিন রাতে বাড়িতে কেউ ছিল না। ঘরটি তালাবদ্ধ অবস্থায় ছিল। বাড়িতে কোনো প্রকার বিদ্যুতের লাইন নেই। তাহলে ঘরটির দোতলায় কীভাবে আগুন লাগতে পারে। ধারণা করছি অগ্নিকাণ্ডের পেছনে ষড়যন্ত্র রয়েছে।

শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, বাড়িটিতে যাতায়াতের রাস্তা না থাকায় গাড়ি দূরে রেখে ঘটনাস্থলে যাই। বাড়িতে কোনো বিদ্যুৎ সংযোগ নেই। ঘরটির দোতলা থেকে আগুনের সূত্রপাত। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা সম্ভব হয়নি। তদন্ত চলমান আছে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাকিল আহমেদ জানান, এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।