পতিত স্বৈরাচারের দোসরদের প্রশাসনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ অসম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যই দেশ এবং দেশের মানুষের মূল চালিকাশক্তি, এই ঐক্যকে বজায় রেখে দেশকে এগিয়ে নিতে হবে, এর কোনো বিকল্প নেই।
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জে ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপির জনসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবেলার দাবিতে বিএনপির দেশব্যাপী আট দিনের সমাবেশ কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ সরকারি ইসলামিয়া কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রোমানা মাহমুদ।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও রাজশাহী বিভাগের সহসাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম।



