অনৈতিকভাবে তিন কারারক্ষীকে রেঞ্জারের বাইরে বদলিসহ নানা স্বেচ্ছাচারিতা ও অনিয়মের অভিযোগে খাগড়াছড়ি কারাগারের জেলার আকতার হোসেন শেখকে কারাগারের ফটকে আটক (অবরুদ্ধ) রেখেছে কারারক্ষীরা।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় এ ঘটনা ঘটে।

এ দিন বিকেল ৪টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ আন্দোলনরত কারারক্ষীদের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করেছেন। জেল সুপার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন মিয়া আন্দোলনরত কারারক্ষীদের ডিউটি থেকে বিরত করেন এবং অস্ত্র জমা নেন।

নবাগত জেলার মঞ্জুরুল ইসলাম জানান, সকাল থেকে আগের জেলার আকতার হোসেন শেখ বদলিজনিত কারণে খাগড়াছড়ি কারাগারে দায়িত্ব হস্তান্তর করেন। হঠাৎ করে দুপুরের দিকে কারা ফটকে কয়েকজন কারারক্ষী আন্দোলন শুরু করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ দিকে, আন্দোলনরত কারারক্ষীদের দাবি-দাওয়া সম্পর্কে জানতে বৈঠক করেছেন জেলা প্রশাসকের প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

আন্দোলনরত কারারক্ষীদের দাবি, তাদের হয়রানিমূলক বদলি আদেশ প্রত্যাহার করে প্রয়োজনে বিভাগীয় বদলি করা হোক।