রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শিক্ষক, অ্যালামনাই ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে গতকাল ও আজ শুক্রবার দুই দিনব্যাপী প্রথম ইউআরপি প্ল্যানার্স রিইউনিয়ন এবং প্ল্যানিং কার্নিভাল-২০২৫ শুরু হয়েছে। গতকাল সকালে আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি) বিভাগের উদ্যোগে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন রুয়েটের ভিসি অধ্যাপক ড. এম এস আব্দুর রাজ্জাক। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রুয়েট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এরপর বেলুন ও ফেস্টুন উড়িয়ে ভিসি অধ্যাপক ড. এম এস আব্দুর রাজ্জাক দুই দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর ভিসি ১ম ইউআরপি প্ল্যানার্স রিইউনিয়ন এবং প্ল্যানিং কার্নিভাল উপলক্ষে বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন করেন। পরে রুয়েট কেন্দ্রীয় মিলনায়তনে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভিসি অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, ১ম ইউআরপি প্ল্যানার্স রিইউনিয়ন এবং প্ল্যানিং কার্নিভাল আয়োজনের মাধ্যমে নগর পরিকল্পনা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, পেশাদার ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সংযোগ সৃষ্টি হবে এবং পরিকল্পনাবিষয়ক বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণের মাধ্যমে তাদের সৃজনশীলতার বিকাশ ঘটাবে।