ঢাকার সাভারে দিনেদুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ চার যাত্রীকে আহত করে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণের চেইনসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়েছে একদল ডাকাত।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে মহাসড়কের পুলিশ টাউন এলাকার ব্রিজের উপরে এ ঘটনা ঘটে। আহত তিনজনকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডাকাতির শিকার শুভযাত্রা পরিবহনের (মানিকগঞ্জ-ব ১১-০০১৮) যাত্রী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪১ ব্যাচের শিক্ষার্থী ওয়ালিউর রহমান চঞ্চল জানান, তিনিসহ জাবির চারজন শিক্ষার্থী শুভযাত্রা পরিবহনে যাচ্ছিলেন। পথিমধ্যে সিঅ্যান্ডবি থেকে আরো চার ব্যক্তি তাদের বাসে উঠেন। তাদের সবার বয়স ২৫ থেকে ৩৫-এর মধ্যে। বাসটি যখন সাভার স্ট্যান্ড পার হয়ে ব্যাংক টাউনের পর পুলিশ টাউন এলাকার ব্রিজের উপর উঠে তখন সিঅ্যান্ডবি থেকে উঠা সেই চার যাত্রীবেশী ডাকাত ছুরিকাঘাত করে সবার টাকা, মোবাইল, স্বর্ণসহ সর্বস্ব লুটে নেয়। বাসের ড্রাইভারকে চাকু ধরে বাস থামিয়ে দেয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলকাম আজাদ বলেন, দুপুর ১২টা ৪০ মিনিট থেকে ৫ মিনিটের মতো সময় বাস থামিয়ে অস্ত্রের মুখে ছুরিকাঘাত করে মোবাইল, স্বর্ণ ও টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে যায়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক ৫৩ ব্যাচের এক ছাত্রী নয়া দিগন্তকে জানান, তার একটি স্বর্ণের চেইন নিয়ে গেছে ডাকাতরা।

ডাকাতদের উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত বেসরকারি চাকুরে সাইফুল্লাহ ও জাবির ৪১ ব্যাচের ছাত্র ওয়ালিউর রহমান চঞ্চলকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ওয়ালিউর রহমান চঞ্চল বলেন, তার পায়ে এবং সাইফুল্লাহর হাতে ছুরিকাঘাত করা হয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনায় জাবির ৪৩ ব্যাচের ছাত্র আলীফ নূর জীবন নামে অপর আরেকজনও আহত হয়েছেন।

সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম বলেন, ‘ডাকাতির খবর পেয়েছি। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।’ ভুক্তভোগীদের সাথে তারা কথা বলেছেন বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।