মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় জামাল শেখ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল চালক রায়হান আহত হন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার শ্রীনগর পুরাতন ফেরীঘাট বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জামাল শেখ উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের দামলা গ্রামের মরহুম শেখ আলাউদ্দিনের ছেলে। উপজেলার বালাশুরে বিক্রমপুর শপিং কমপ্লেক্সের রেডিমেট পোষাক বিক্রেতা। তার দুই সন্তান রয়েছে।

স্থানীয়রা জানান, শ্রীনগর পুরাতন ফেরীঘাট এলাকায় এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। এতে আরোহী জামাল শেখ ঘটনাস্থলে নিহত হন।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্বজনরা লাশ নিয়ে গেছে বলে জানতে পেরেছি।

এ ব্যাপারে হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, বিষয়টি আমরা জানি না। খোঁজ নিয়ে দেখছি।