বরিশালের উজিরপুরে হারতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: তরিকুল ইসলাম তালুকদার ও সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন তালুকদারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ইউনিয়নবাসী। গতকাল শনিবার বিকালে হারতা বন্দরে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে হারতা ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ হাওলাদার বলেন, প্রথমে সন্ত্রাসীরা হারতা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: সাইফুল ইসলাম তালুকদারের ওপর পরিকল্পিতভাবে হামলা চালায়। তার কিছুক্ষণ পরেই হারতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তালুকদার ও সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন তালুকদার হত্যার উদ্দেশ্য হামলা চালায়। মারধর ফিরাতে গিয়ে হামলার শিকার হন হারতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিরাজুল ইসলাম ফরাজি।
আরো বক্তব্য দেন বিএনপির সিনিয়র সহসভাপতি মোস্তফা কামাল, সহসভাপতি আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম তালুকদার, হারতা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম তালুকদার প্রমুখ।