নারায়ণগঞ্জে জৈনপুরী দরবারের পীর ড. এনায়েত উল্লাহ আব্বাসীর সাথে সাক্ষাৎ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। শুক্রবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১০ নম্বর ওয়ার্ডের পাঠানটুলি এলাকার আব্বাসী মঞ্জিলে পৌঁছান তিনি।
তার আসার খবরে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি ও নাসিক ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ডি এইচ বাবুলসহ স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত হন। এ সময় তাদের কাছে হাসনাত আব্দুল্লাহ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
ডি এইচ বাবুল জানান, গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে হাসনাত আব্দুল্লাহ পাঠানটুলি যান। মূলত হাসনাত আব্দুল্লাহ পাঠানটুলি এলাকায় আব্বাস মঞ্জিলে ড. এনায়েত উল্লাহ আব্বাসীর সাথে সাক্ষাৎ করতে আসেন।
তিনি বলেন, এ সময় আব্বাসী হুজুর আমাদের সেখানে ডেকে নিয়ে যান। আমরা সেখানে গেলে হাসনাত আব্দুল্লাহ আমাদের সাথে এলাকার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ মূলত আব্বাসী হুজুরকে তার গ্রামের বাড়িতে একটি ওয়াজের দাওয়াত দিতে এসেছিলেন।



