সাভারে দিনদুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে বাস থামিয়ে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের ২ শিক্ষার্থীসহ ৪ যাত্রীকে আহত করে টাকা, মোবাইল ফোন ও স্বর্ণের চেইনসহ মূল্যবান দ্রব্যসামগ্রী ছিনিয়ে নিয়েছে একটি ডাকাতদল। গত শুক্রবার বেলা পৌনে ১টার দিকে মহাসড়কের পুলিশ টাউন এলাকার ব্রিজের ওপরে এ ঘটনা ঘটে। আহত ৩ জনকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়।
ডাকাতির শিকার শুভ যাত্রা পরিবহনের (মানিকগঞ্জ-ব ১১-০০১৮) যাত্রী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪১ ব্যাচের শিক্ষার্থী ওয়ালিউর রহমান চঞ্চল জানান, সিঅ্যান্ডবি থেকে ৪ ব্যক্তি তাদের বাসে উঠে। তাদের সবার বয়স ২৫ থেকে ৩৫ এর মধ্যে। বাসটি পুলিশ টাউন এলাকার ব্রিজের ওপর উঠলে ওই ৪ যাত্রী ছুরি বের করে প্রথমে ড্রাইভারকে বাসটি থামাতে বলে। পরবর্তীতে ছুরিকাঘাত করে সবার টাকা, মোবাইল, স্বর্ণসহ সব যাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে সর্বস্ব লুটে নেয়। এ দিকে তার কিছুক্ষণ আগে ওয়েলকাম বাসেও একই ঘটনা ঘটে।