দাবি উপেক্ষা করে সিন্ডিকেট সভার আহ্বান করায় তাতে বাধা দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ভিসির বাসভবনের কলাপসিবল গেট ভেঙে ভেতরে ঢুকে সিন্ডিকেট সভা পণ্ড করে দেন তারা। এ সময় আন্দোলকারী শিক্ষার্থীদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমরান আল-আমিন আহত হন। গত শুক্রবার সন্ধ্যার আগে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, শুক্রবার বিকেল ৩টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার আয়োজন করেন ভিসি ড. শুচিতা শরমিন। সশরীরে সভায় বাধা আসতে পারে জেনে তিনি ভার্চুয়ালি সভা করার প্রস্তুতি নেন।
সভাটি আওয়ামী সমর্থকদের পুনর্বাসনের চেষ্টার অভিযোগ এনে বয়কটের আহ্বান জানিয়ে দুপুর থেকে ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করে শিার্থীদের একাংশ। বিকেলে সিন্ডিকেট সভায় যোগ দিতে ববি প্রোভিসি ট্রেজারার ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মুহসিন উদ্দিন ভিসির বাসভবনের সামনে গেলে তাদের গেটেই আটকে দেন আন্দোলনরতরা। সিন্ডিকেট সভায় যোগ দিতে যাওয়া আরও ৪ সদস্য বাসভবনের ভেতরে রয়েছে জানতে পেরে শিক্ষার্থীদের ওই অংশ বাসভবনের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভিসিবিরোধী স্লোগান দিতে থাকেন। এ সময় তারা উপস্থিত সদস্যদের ৫ মিনিট সময় বেঁধে দেন বাসভবন ত্যাগ করার। সহকারী প্রক্টর মারুফা আক্তার শিক্ষার্থীদের প্রক্টর অফিসে যাওয়ার জন্য অনুরোধ করেন। শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে অনড় থাকেন।
এমন পরিস্থিতিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে ববি ভিসি অধ্যাপক ড. শুচিতা শরমিন একটি মাত্র আলোচ্য বিষয় রেখে অনলাইনে সভার আহ্বান করে। কিন্তু সভা প্রত্যাখ্যান করেন বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি ট্রেজারার ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মুহসিন উদ্দিন।
ড. গোলাম রব্বানী বলেন, সিন্ডিকেটের নির্ধারিত সভায় যোগদান করতে গিয়ে সভাস্থলে ঢুকতে বাধাগ্রস্ত হই। সেখানে প্রায় আধা ঘণ্টা অপোর পর জানা যায় সভাটি একটি মাত্র আলোচ্য বিষয়ের বিশেষ সভায় রূপান্তর করা হয়েছে। আলোচ্য বিষয়টি বিশ্ববিদ্যালয়ের জরুরি কোনো বিষয় না হওয়ায় এবং সশরীরে সভায় যোগদান করতে না পারায় আমি সভা প্রত্যাখ্যান করেছি।
শিক্ষার্থীদের দাবি : সিন্ডিকেট সভা পণ্ড হওয়ার পরে শিক্ষার্থীরা তাদের দাবি তুলে ধরেন। তারা ১০ দফা দাবি তুলে ধরে বলেন, রেজিস্ট্রারের মেয়াদ শেষ হওয়ায় তাকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করতে হবে। অভ্যন্তরীন শিক্ষকদের প্রতিনিধি করে সিন্ডিকেট সভা আহ্বান করতে হবে। মেয়াদ শেষ না হওয়ায় বাতিল করা দুই শিক্ষককে সিন্ডিকেট সদস্য হিসেবে ফিরিয়ে আনতে হবে। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আগামী ৭২ ঘণ্টার মধ্যে রোডম্যাপ ঘোষণা করতে হবে। সিন্ডিকেটে ছাত্র প্রতিনিধি রাখতে হবে। সিন্ডিকেটের আলোচ্য বিষয় সাংবাদিকদের কাছে প্রকাশ করতে হবে। অবকাঠামো উন্নয়নে নিয়োগ পাওয়ার পর ভিসির পদক্ষেপ শিক্ষার্থীদের মাঝে প্রমাণসাপেক্ষে উপস্থাপন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধান উপদেষ্টার কাছে দ্রুত সময়ের মধ্যে চিঠি পাঠাতে হবে। স্বৈরাচারের দোসরদের সঙ্গে সখ্যের কারণ স্পষ্ট করে শিক্ষার্থীদের সামনে তুলে ধরে ক্ষমা প্রার্থনা এবং গত প্রশাসনে বিভিন্ন প্রশাসনিক পদে যারা ছিল, তাদের নতুন পদ বণ্টন না করা ও শিক্ষকদের যথাযথ সম্মান দিতে হবে।
বাংলা বিভাগের শিার্থী শহিদুল ইসলাম বলেন, আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসন ঠেকাতে আমরা আন্দোলনে নেমেছি। আমাদের ১০ দফা দাবি মেনে না নিলে আমরা এক দফা দাবি তুলব। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকায় রোববার থেকে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব।
ববি ভিসি ড. শুচিতা শরমিন বলেন, শিক্ষার্থীরা দাবি করেছে সিন্ডিকেটে ফ্যাসিস্ট রয়েছে। আমরা শিক্ষার্থীদের দাবির মুখে দু’জনকে সিন্ডিকেট থেকে বাদ দিয়েছি। শিক্ষার্থীরা যে ২২ দফা নিয়ে কথা বলছে আমরা তাদের দাবি পূরণে কাজ করে যাচ্ছি। দাবি বাস্তবায়নে সময় দিতে হবেতো। কিন্তু হতাশাজনকভাবে একের পর এক ইস্যু তৈরি করা হচ্ছে।



