নরসিংদীর মনোহরদীতে রাসেল ভূঁইয়া (৩৫) নামে এক ব্যবসায়ীর বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার খিদিরপুর ইউনিয়নের বীর আহম্মদপুর গ্রামের মফিজ মুহুরীর বাড়ির পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রাসেল ভূঁইয়া একই ইউনিয়নের বড়বাড়ির মরহুম মাইন উদ্দিনের ছেলে। তিনি চালাকচর বাজারে মোবাইল ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে বীর আহম্মদপুর গ্রামের মফিজ মুহুরীর বাড়ির পাশে রাসেলের বিবস্ত্র লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

নিহতের স্ত্রী রোজিনা বলেন, সন্ধ্যায় তার মোবাইল মেরামত করে বাড়িতে দিয়ে যান রাসেল। এরপর থেকে তার মোবাইলে কল দিলে তা কেটে দেয়া হচ্ছিল। একপর্যায়ে রোজিনার নম্বরই ব্লক করে দেয়া হয়। পরে সকালে স্থানীয়দের মাধ্যমে তার স্বামীর লাশ পড়ে আছে বলে জানতে পারেন।

তিনি আরো বলেন, মফিজ মুহুরীর মেয়ে লিটা ও জামাই মাছুম এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। রাসেলের আগে ওদের সাথে যোগাযোগ থাকলেও আমি নিষেধ করায় আর যোগাযোগ রাখেনি। গতকাল ওদের বাসায় গেলে মেরে লাশ ফেলে রেখে ওরা পালিয়ে গেছে। আমি আমার স্বামী হত্যার বিচার চাই।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল জব্বার বলেন, ধারণা করা হচ্ছে ঘরের ভেতর মেরে লাশ ঘরের পেছনে ফেলে দেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।