শিল্পাঞ্চল আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে ছেইন অ্যাপারেলস লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে আশুলিয়ার বিশমাইল-জিরাবো আঞ্চলিক সড়কের আমতলা এলাকা অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।
বিক্ষুব্দ শ্রমিকরা জানায়, গেল মাসের বেতন চলতি মাসের প্রথম সপ্তাহে দেয়ার কথা ছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। পরে বেতন না দেয়ায় চলতি মাসের ৯ তারিখ থেকে আন্দোলন করা হচ্ছে। এরপর ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কারখানা বন্ধ ঘোষণা করে মেইন ফটকে নোটিশ দেয় কর্তৃপক্ষ।
এদিকে রোববার সকালে শ্রমিকরা কারখানায় এলে বন্ধ দেখতে পান। পরে তারা কারখানার সামনের বিশমাইল-জিরাবো আঞ্চলিক সড়ক অবরোধ করে বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়ে বিক্ষোভ করতে থাকে।
ছেইন অ্যাপারেলস লিমিটেড কারখানাটির মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিং ডিরেক্টর মো: তারেক আহমেদ নয়া দিগন্তকে মোবাইল ফোনে জানান, ‘বিগত পাঁচ বছরের মধ্যে একবারও এই কারখানাশ্রমিকরা কোনো দাবি নিয়ে বিক্ষোভ করেনি। কারণ যথা সময়ে শ্রমিকদের সকল পাওনাধি কর্তৃপক্ষ পরিশোধ করেছে। ব্যাংক থেকে সহযোগিতা না পাওয়ায় এ মাসে এরকম হয়েছে। গেল ডিসেম্বর মাসের ভেতনও যথা সময়ে মালিকপক্ষ পরিশোধ করেন। ৫ আগস্টের পর ব্যাংকিং সুবিধা না পাওয়ায় জানুয়ারি মাসের বেতন এখনো পরিশোধ করা হয়নি। দু’মাস ধরে ব্যাংকের সাথে যোগাযোগ করা হচ্ছে কিন্তু কোনো ব্যবস্থা হচ্ছে না। ব্যাংক যদি সহযোগিতা দেয় তাহলে এই কারখানার অন্তত দু’হাজার শ্রমিকের বেতন পরিশোধ করা হবে।’
তিনি আরো জানান, ‘ব্যাংকের মাধ্যমে এলসি না হওয়ার কারণে এরই মধ্যে চলতি শিপমেন্টগুলো বাতিল হয়ে গেছে। আরো বেশি কিছু শিপমেন্ট বাতিলের পথে। এরকম চলতে থাকলে এই কারখানাটি বন্ধ হয়ে যাবে। যার ফলে অন্তত দু’হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়বে বলেও যোগ করেন তিনি।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, ‘সকাল থেকে শ্রমিকরা সড়কটি অবরোধ করে বসে আছেন। ঘটনাস্থলে শিল্প পুলিশের টিম রয়েছে। আমরা মালিকপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। মালিক দেশের বাইরে আছেন। আমরা বিজিএমইএতেও খবর দিয়েছি। শ্রমিকরা মালিকপক্ষ বা বিজিএমইএ থেকে আশ্বাস না পেলে সড়ক ছাড়বে না। শ্রমিকদের যৌক্তিক দাবি সমাধানের চেষ্টা করছি আমরা।



