কক্সবাজারের টেকনাফের হ্নীলা সীমান্তবর্তী এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ৬৯টি বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ দুই ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

আজ রবিবার ভোর রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের সীমান্তবর্তী ফুলের ডেইল এলাকার একটি জরাজীর্ণ বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে বিজিবি।

আটক ব্যক্তিরা হলেন চাঁদপুরের মতলব উত্তর থানার নবুরকান্দি গ্রামের নজরুল ইসলামের ছেলে মো: সম্রাট প্রধান (৩৩) এবং নারায়ণগঞ্জ বন্দর থানার দক্ষিণ গারমোরা গ্রামের সাইফুল ইসলামের ছেলে মো: অন্তর (৩২)।

টেকনাফ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান আজ বিকেলে দেয়া এক প্রেস রিলিজে জানান, বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা টিম গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল নামক এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে কতিপয় দুষ্কৃতকারী দেশীয় বোমা তৈরির সরঞ্জামাদিসহ অবস্থান করছে। এ প্রেক্ষিতে আজ ভোর রাতে টেকনাফ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল ওই এলাকার কয়েকটি জরাজীর্ণ টিনশেড বাড়িকে ঘিরে অভিযান চালায়। এ সময় কঠোর নিরাপত্তায় আশেপাশের এলাকা ঘিরে ফেলে বিজিবি। প্রায় তিন ঘণ্টা ধরে ব্যাপক তল্লাশী চালিয়ে একটি জরাজীর্ণ ঘরের ভেতর থেকে তৈরিকৃত ৬৯টি হাত বোমা, এক কেজি ছয় গ্রাম সালফার, এক কেজি তিন গ্রাম লালা, ৩১টি জর্দার কৌটা, ২২০ গ্রাম গুনাতার এবং একটি প্লাসসহ দুইজন দুষ্কৃতকারীকে আটক করতে সক্ষম হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে বাড়ির আঙ্গিনায় অবস্থানরত অপর দুই ব্যক্তি দ্রুত পালিয়ে যায়।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধচক্র চুক্তিভিত্তিক বোমা তৈরি করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি ও সরবরাহ করে আসছে। ধারণা করা হচ্ছে স্থানীয় আধিপত্য বিস্তার, সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজে ব্যবহারের জন্য এসব বোমা তৈরি করা হচ্ছিল।

আটক দুষ্কৃতিদেরকে জব্দ বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।