চাঁদপুরে জমিসংক্রান্ত বিরোধ নিয়ে ইউসুফ পাটোয়ারী (৪০) নামের দুই সন্তানের জনককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আহত বড় ভাই ইব্রাহিম পাটোয়ারীকে (৫৫) আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহ মামুদপুর ইউনিয়নের পশ্চিম কুমারডুগি মিয়ারবাজার পাটোয়ারী বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত ইউসুফ পাটোয়ারী ওই বাড়ির মৃত কলিমুল্লাহ পাটোয়ারীর ছেলে এবং তিনি চাঁদপুর শহরের রেলওয়ে হকার্স মার্কেটের মোবাইল হাউজের স্বত্বাধিকারী।
নিহতের বড় বোন রাজিয়া, নাছিমা ও ছোট বোন আমেনা জানান, তাদের খালতো ভাই মাইনুদ্দিন পাটোয়ারী গংদের সাথে দীর্ঘ দিন ধরে বাড়ির একটি জমি নিয়ে বিরোধ চলে আসছে। ওই বিরোধকে কেন্দ্র করে রোববার সকালে নিহত ইউসুফ পাটোয়ারী তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রেলওয়ে হকার্স মার্কেটে মোবাইলের দোকানে আসার পথে, খালাতো ভাই মাইনুদ্দিন, তার ছেলে রমজান, রবিউল, রহিম ও মাইনুদ্দিনের স্ত্রী খাদিজা বেগম মিলে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা দেশীয় অস্ত্র দিয়ে তার মাথা, ঘাড় এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করে। তাকে বাঁচাতে বড় ইব্রাহিম পাটোয়ারী এগিয়ে এলে হামলাকারীরা তার ওপরও হামলা চালায়।
স্বজনরা তাদের দু’জনকে আহত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা: আমিনুল ইসলাম সুমন গুরুতর আহত ইউসুফকে মৃত ঘোষণা করেন এবং বড় ভাই ইব্রাহিমকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ দিকে ঘটনার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত মাইনুদ্দীন, তার স্ত্রী খাতিজা বেগম ও ছেলে রমজানকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। মডেল থানার ওসি বাহার মিয়া জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আমরা তিনজনকে থানায় নিয়ে এসেছি। বাকিটা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



