বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো: রহমাতুল্লাহ বলেছেন, যেখান থেকে শিশুরা ইসলাম শিক্ষা গ্রহণ করে, কুরআন-হাদিসের শিক্ষা পায় সেগুলো বন্ধ করার পরিবেশ বিগত সরকার তৈরি করেছিল। আবার নবী করিম সা:-কে অবমাননা, কুরআন-হাদিসকে অবমাননা করার বিরুদ্ধে হেফাজতে ইসলাম শাপলা চত্বরে সমাবেশ ডেকেছিল; কিন্তু সেই সমাবেশে আলো বন্ধ করে আলেমদের হত্যা করেছিল আওয়ামী লীগ। তিনি আরো বলেন, মসজিদের খুতবায় শেখ মুজিবুর রহমানের নাম বলতে খুতবা লিখতে দেয়া হয়েছিল। আবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আওয়ামী লীগ করার সার্টিফিকেট নিয়ে খতিবের কাজ করতে হয়েছে। আমরা সে রকম বাংলাদেশে আর ফিরে যেতে চাই না।
গত শনিবার রাতে বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নের চেয়ারম্যান বাড়ি জামে মসজিদ ও মাদরাসার উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিলে এসব কথা বলেন আবু নাসের মো: রহমাতুল্লাহ।
তিনি বলেন, আমাদের ভালোর দিকে যেতে হলে চুপ করে থাকলে হবে না। যারা ধর্মীয় চিন্তাচেতনা নিয়ে সমাজের ও দেশের উন্নয়ন করতে পারে, তাদের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। ইসলামবিরোধী ফ্যাসিবাদী শক্তির দোসর কোনো স্বৈরশাসক আর যাতে বাংলাদেশে ক্ষমতার মসনদে আসতে না পারে, সে জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ইসলামবিরোধী অপশক্তি আর যাতে ভোটের মাধ্যমে ক্ষমতায় না আসতে পারে, সে দিকে সবাইকে লক্ষ রাখতে হবে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) বরিশাল বিভাগীয় সেক্রেটারি ও রায়পাশা কড়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ নুরুল আমিনের সভাপতিত্বে মাহফিলে ইসলামী চিন্তাবিদ শাইখুল আরব মুফতি আমিনুল ইসলাম আরেফী, বরিশাল নগরের স্টিমার ঘাট জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা শরফউদ্দিন বেগ, আলহাজ হাফেজ মাওলানা কামাল উদ্দিন মুঈনী, কারি এনায়েত উল্লাহ সাইফী, মাওলানা আবদুল জলীলসহ ওলামায়ে কেরাম বক্তব্য রাখেন।