শিল্পাঞ্চল আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে ছেইন অ্যাপারেলস লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
রোববার সকাল থেকে আশুলিয়ার বিশমাইল-জিরাবো আঞ্চলিক সড়কের আমতলা এলাকা অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, গত মাসের বেতন চলতি মাসের প্রথম সপ্তাহে দেয়ার কথা ছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। বেতনের দাবিতে ৯ তারিখ থেকে আন্দোলন করা হচ্ছে। এরপর ১৫ ফেব্রুয়ারি কারখানা বন্ধ ঘোষণা করে মেইন ফটকে নোটিশ টাঙ্গিয়ে দেয় কর্তৃপক্ষ।
রোববার সকালে শ্রমিকরা কারখানায় এলে বন্ধ দেখতে পান। পরে তারা কারখানার সামনের বিশমাইল-জিরাবো আঞ্চলিক সড়ক অবরোধ করে বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়ে বিক্ষোভ করতে থাকে।
ছেইন অ্যাপারেলস লিমিটেড কারখানাটির মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিং ডিরেক্টর মো: তারেক আহমেদ জানান, বিগত পাঁচ বছরের মধ্যে একবারও এই কারখানার শ্রমিকরা কোনো দাবি নিয়ে বিক্ষোভ করেনি। কারণ যথাসময়ে শ্রমিকদের সব পাওনাদি কর্তৃপক্ষ পরিশোধ করেছে। ব্যাংক থেকে সাপোর্ট না পাওয়ায় এ মাসে এ রকম হয়েছে। ৫ আগস্টের পর ব্যাংকিং সুবিধা না পাওয়ায় জানুয়ারি মাসের বেতন এখনো পরিশোধ করা হয়নি। দুই মাস ধরে ব্যাংকের সাথে যোগাযোগ করা হচ্ছে কিন্তু কোনো ব্যবস্থা হচ্ছে না। ব্যাংক যদি সাপোর্ট দেয় তাহলে এই কারখানার অন্তত দুই হাজার শ্রমিকের বেতন পরিশোধ করা হবে।
তিনি আরো জানান, ব্যাংকের মাধ্যমে এলসি না হওয়ায় এরই মধ্যে চলতি শিপমেন্টগুলো বাতিল হয়ে গেছে। আরো কিছু শিপমেন্ট বাতিলের পথে। এ রকম চলতে থাকলে এই কারখানাটি বন্ধ হয়ে যাবে। যার ফলে অন্তত দুই হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়বে বলেও যোগ করেন তিনি।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকাল থেকে শ্রমিকরা সড়কটি অবরোধ করে বসে আছেন। ঘটনাস্থলে শিল্প পুলিশের টিম রয়েছে। আমরা মালিকপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। মালিক দেশের বাইরে রয়েছেন। আমরা বিজিএমইএতেও খবর দিয়েছি। শ্রমিকরা মালিকপক্ষ বা বিজিএমইএ থেকে আশ্বাস না পেলে সড়ক ছাড়বে না। শ্রমিকদের যৌক্তিক দাবি সমাধানের চেষ্টা করছি আমরা।
আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, বিক্ষোভ
শিল্পাঞ্চল আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে ছেইন অ্যাপারেলস লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।রোববার সকাল থেকে আশুলিয়ার বিশমাইল-জিরাবো আঞ্চলিক সড়কের...



