কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে টানা জালে ধরা পড়ল ১৯৪ কেজি ওজনের একটি বোল মাছ। স্থানীয় মাছ ব্যবসায়ী নুরুল আলম দুই লাখ ৬০ হাজার টাকায় মাছটি কিনেন।
গত রোববার সকালে শাহপরীর দ্বীপ ঘোলার চর এলাকার নাফ নদীতে মাছটি ধরা পড়ে। মাছটি শাহ পরীরদ্বীপ কোনাপাড়ার স্থানীয় বাসিন্দা কালু ফকিরের মালিকানাধীন টানা জালে ধরা পড়ে। স্থানীয় ভাষায় এই মাছটি বোল মাছ নামে পরিচিত।
এসব তথ্য নিশ্চিত করে শাহপরীর দ্বীপ ট্রলার মালিক সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ হাসান বলেন, ‘সকালে শাহপরীর দ্বীপ ঘোলার চর এলাকার নাফ নদীর মোহনায় জেলেরা টানা জাল ফেলে। ঘণ্টাখানেক পর জাল টানার চেষ্টা করেন জেলেরা। এমন সময় ছোট ছোট মাছের সাথে এই বড় বোল মাছটি জালে আটকে যায়। পরে জেলেরা নাফ নদী থেকে বড় মাছটি রশি বেঁধে টেনে টেনে চরের উপরে তুলে নিয়ে আসে। স্থানীয় লোকজনের সহযোগিতায় মাছটি শাহপরীর দ্বীপ জেটি ঘাটে নেয়া হয়। ওই সময় মাছটি দেখতে ভিড় জমান লোকজন।’
শাহপরীর দ্বীপ কোনাপাড়ার নৌকার মাঝি নুর মোহাম্মদ বলেন, ‘জালে প্রথমবার ১৯৪ কেজি ওজনের বড় বোল মাছ আটকা পড়েছে। মাছটি শাহপরীর দ্বীপ জেটি ঘাটে এনে মাছটির দাম হাঁকানো হয়েছিল তিন লাখ টাকা। পরে স্থানীয় মাছ ব্যবসায়ী নুরুল আলমের কাছে দুই লাখ ৬০ হাজার টাকায় বিক্রি করেছি।’