বান্দরবান শহরের বনরূপা পাড়া থেকে রুম্পা দাশ (৩০) নামে এক নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার ভোরে শহরের ওই এলাকার একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

রুম্পা দাশ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুর এলাকার সন্তোষ দাশের মেয়ে এবং পুলিশ কনস্টেবল সৌরভ দাশ ঢালীর স্ত্রী। তিনি বান্দরবান সদর থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, রাতের খাবারের পর রুম্পা আলাদা কক্ষে ঘুমাতে যান। সকালে দরজা বন্ধ থাকায় সন্দেহ হলে স্বামী দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

স্থানীয়রা ধারণা কর‌ছেন, পারিবারিক কলহের জে‌রে এই আত্মহত্যা হতে পা‌রে।

বান্দরবান সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন জানিয়েছেন, প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।