সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী এবং কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ-সভাপতি সৈয়দা মোনালিসা ইসলামের তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুরে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করলে বিচারক শারমিন নাহার এ রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী হাসনাত জামানের দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি হিসেবে ঢাকার ইস্কাটন থেকে মোনালিসা ইসলামকে গ্রেফতার করা হয়। ওই মামলার আসামি হিসেবে তাকে আজ দুপুরে আদালতে হাজির করে মামলা তদন্তকারী কর্মকর্তা মেহেরপুর সদর থানার পরিদর্শক তদন্ত সেলিম জাহাঙ্গীর সাত দিনের রিমান্ড আবেদন করেন। একইসাথে তিনি সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া পলি খাতুন নামের এক নারীর দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতারের আবেদন করেন।
সূত্রে আরো জানা গেছে, আদালত তাকে তিন দিনের রিমান্ড এবং পলি খাতুনের মামলায় গ্রেফতারের আদেশ দেন। আদালতের আদেশে মোনালিসা ইসলামকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সদর থানার পরিদর্শক তদন্ত সেলিম জাহাঙ্গীর জানিয়েছেন, দু’য়েকদিনের মধ্যে রিমান্ডের জন্য তাকে সদর থানায় নেয়া হবে।



