গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মো: রফিকুল ইসলাম (৬৩) নিহত হয়েছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গাপোল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত রফিকুল ইসলাম উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ঘেচুয়া গ্রামের মরহুম ফায়েক মুন্সীর ছেলে। তিনি দৈনিক ৭১ বাংলাদেশ নামে একটি পত্রিকার প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গাপোল এলাকায় মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। এসময় তাকে উদ্ধার করে মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আহত রফিকুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’