বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, ‘আমরা রোডম্যাপ বুঝি না, কোন মাসের কত তারিখে নির্বাচন দিবেন সেটা জাতিকে জানান; না হলে জনগণ আপনাদের অবস্থা কী করবে সেটা আল্লাহ ভালো জানেন।’

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুর হাসান আলী স্কুল মাঠে চাঁদপুর জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল আউয়াল মিন্টু বলেন, ‘আমরা এই সরকারের কাছে দাবি জানাই, একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য।’

তিনি বলেন, ‘আমরা গত ১৭ বছর গ্রাম থেকে শুরু করে মহানগর পর্যন্ত আন্দোলন করেছি, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য। আমরা মানুষের মৌলিক অধিকার, মানবাধিকার, সাংবিধানিক অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই।’

বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, ‘আমাদের ছোট ভাই-বোনেরা মনে করেন তাদের দেড় মাসের আন্দোলনে সরকার পালিয়ে গেছে। এটা কী ঠিক? আমরা ১৭ বছর এ দেশের মানুষের অধিকারের জন্য আন্দোলন করেছি।’

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনারা সংস্কার সংস্কার করছেন। সংস্কার আমরাও চাই। তারেক রহমান ৩১ দফা দিয়েছেন। সংস্কারের নামে তাল-বাহানা করে এই দেশকে আর বেশিদিন অগণতান্ত্রিক রাখবেন না। সংস্কারের নামে আমরা কোনো চক্রান্ত চাইনা। আপনারা দ্রুত নির্বাচন করুন। আমরা ভোট দিয়ে আমাদের প্রতিনিধি নির্বাচন করবো।’

তিনি আরো বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন একটি ষড়যন্ত্র। যারা এই ষড়যন্ত্র করছে তারা একবার এই দলের সাথে আরেকবার আরেক দলের সাথে যায়। ওদের ইতিহাস আপনারা সবাই জানেন। তাদেরকে আপনারা প্রতিহত করবেন।’

চাঁদপুরের নেতাকর্মীদের উদ্দেশে আব্দুল আউয়াল মিন্টু বলেন, ‘অদূর ভবিষ্যতে যখন নির্বাচন হবে তখন চাঁদপুরে যেই নমিনেশন পাবেন আপনারা তারপক্ষে একতাবদ্ধ থাকবেন।’

জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম ও পৌর সভাপতি আক্তার হোসেন মাঝির পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাংগঠনিক সম্পাদক হাজী মো: মোস্তাক মিয়া, লায়ন হারুনুর রশীদ।

এতে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল ইসলাম, সাবেক আহ্বায়ক সফিউদ্দিন আহমেদ ও আবদুল হামিদ মাস্টার।