আওয়ামী রাজনীতির মৃত্যু হয়েছে বাংলাদেশে, দাফন দিল্লিতে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘বাংলাদেশে আওয়ামী রাজনীতির মৃত্যু হয়েছে। তার দাফন হয়েছে দিল্লিতে।’ তিনি আরো বলেন, জাতিসঙ্ঘের মানবাধিকার কমিশন রিপোর্টে হাসিনা গণহত্যাকারী হিসেবে প্রমাণিত হয়েছে। জাতিসঙ্ঘের রিপোর্ট অনুযায়ী হাসিনা বিশ্ব খুনি। হাসিনা ও তার মন্ত্রীরা গণহত্যার নির্দেশ দিয়েছে। সুতরাং আওয়ামী লীগ ও হাসিনার বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই।
এ সময় আওয়ামী নেতাকর্মীদের তিনি বলেন, আপনারা আওয়ামী লীগের কথা ভুলে যান।
আজ সোমবার বিকেলে কক্সবাজারে মুক্তিযোদ্ধা মাঠে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমেদ এসব কথা বলেন।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এই সদস্য বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের কোনো নির্বাচন মেনে নেয়া হবে না। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। কারণ, স্থানীয় সরকার নির্বাচনের এখতিয়ার এই সরকারের নেই।
এ সময় অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা দিয়ে সদিচ্ছার প্রমাণ দিতে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনা হাজার মাইল দূরে বসে দেশের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে। দিল্লিতে বসে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে। ওপারে বসে কোনোভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা যাবে না।
অন্তর্বর্তী সরকারের আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, সরকারের কয়েকজন উপদেষ্টার কারণে দ্রব্যমূল্যের দাম বাড়ছে। দ্রব্যমূল্যের দাম কমান। মানুষের ক্রয়সীমার মধ্যে রাখুন। বেশি সংস্কার সংস্কার করে দ্রব্যমূল্যের দাম বাড়াবেন না।
বিএনপির এই নেতা বলেন, বিচার ও আইন শৃঙ্খলাসহ সব জায়গায় এখনো খুনি হাসিনার দোসররা অস্থিররতা সৃষ্টির চেষ্টা করছে। আর এর পেছনে খুনি হাসিনা দিল্লিতে বসে উস্কানি দিচ্ছে। তিনি আরো বলেন, হাসিনার কোনো উস্কানি সফল হবে না।
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদীদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে কক্সবাজার জেলা বিএনপি এই জনসভার আয়োজন করে।
দীর্ঘ এক যুগ পর কক্সবাজারে বিএনপি বড়ো ধরনের সমাবেশ করেছে। কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা ময়দানে আয়োজিত এই জনসভায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
জনসভায় যোগ দিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল সহকারে এসে যোগ দেন। কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নার সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় আরো বক্তব্য রাখেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবীবিষয়ক সম্পাদক সাবেক এমপি লুৎফর রহমান কাজল, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনর রশীদ ও ব্যারিস্টার মীর হেলাল।



