চকরিয়া উপজেলার বহুল আলোচিত ২২ মামলার আসামি সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে পুলিশ তাকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করে।

নবী হোছাইন সাহারবিল ইউনিয়নের মরহুম হাবিবুর রহমানের ছেলে।

এর আগে গত শনিবার চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানা পুলিশের একটি টিম এক হোটেল থেকে তাকে আটক করে রোববার তাকে চকরিয়া থানায় হস্তান্তর করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, ‘চেয়ারম্যান নবী হোছাইনের বিরুদ্ধে খুন-ডাকাতি, পুলিশের উপর আক্রমণসহ ২১টি মামলা রয়েছে। জামিনে থাকলেও বেশিরভাগ মামলায় তিনি পলাতক ছিলেন। গত শনিবার তাকে গ্রেফতারের পর সোমবার ভোররাতে চেয়ারম্যান নবী হোছাইনের স্বীকারোক্তি মোতাবেক সাহারবিল ইউনিয়নের কোনাখালী এলাকায় তার নিয়ন্ত্রণাধীন একটি কলোনির বাথরুম থেকে দেশীয় তৈরি এক নলা একটি বন্দুক ও ছয় রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। অস্ত্র আইনে আরো একটি পৃথক মামলা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে ২২টি মামলা রয়েছে।’

‘সোমবার দুপুরে চকরিয়া থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের প্রার্থনা করে চকরিয়া জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তাকে সপোর্দ করা হয়েছে’ বলে তিনি জানান।

এদিকে সোমবার সাহারবলি ইউনিয়নের কিছু নারী তার মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গনে মানববন্ধন করতে দেখা যায়। একটি মহল চেয়ারম্যান নবী হোছাইনকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন বলে দাবি করেন তারা।