বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডা: ফরহাদ হালিম ডোনার বলেছেন, সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেয়া যাবে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। বাংলাদেশের রাজনীতিতে প্রথম সংস্কার শুরু করেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি সংস্কারের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করে ছিলেন। আর বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে মন্ত্রীপরিষদ শাসিত সরকার প্রবর্তন করেছেন। যতবার এদেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এসেছে। আর যখন জনগণের ভোটের অধিকার হরণ করে সুক্ষ্ণ মেকানিজম করে নির্বাচন করা হয়েছে তখনই স্বৈরাচারের আবির্ভাব ঘটেছে। তাই এদেশের যারা মালিক তাদের ভোটের মাধ্যমে গঠিত সরকারই পূর্ণ সংস্কার করার অধিকার রাখে। তাই দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে হবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শরীয়তপুর পৌরসভা প্রাঙ্গণে দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখাসহ বিভিন্ন দাবিতে শরীয়তপুর জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা: ফরহাদ হালিম বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি পালন করতে গিয়ে বিএনপির অসংখ্য নেতাকর্মী হত্যা, মামলা-হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। আগামী দিনেও যেকোনো জন-দাবিতে বিএনপি রাজপথে থাকবে। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে আমাদের প্রাথমিক বিজয় হয়েছে। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় এসে দেশকে স্বৈরশাসনের হাত থেকে মুক্তি দেবে।’

শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান কিরনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সরদার এ কে এম নাসির উদ্দীন কালুর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: পারভেজ রেজা।

এ সময় আরো বক্তব্য রাখেন জেলা-উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।