সাভার পৌরসভার কুলিবিট (লেবার হ্যান্ডেলিং) ইজারা কার্যক্রম ৯০ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) টেন্ডার ড্রপের কথা থাকলেও তা হয়নি। কুলিবিট স্থগিত থাকলেও আরো পৌরসভার হাট-বাজার-ঘাট স্ট্যান্ডসহ মোট ১১টি টেন্ডার ড্রপের কার্যক্রম হয় বলে, সাভার সভা সূত্রে জানা যায়।

সাভার পৌরসভার গেন্ডা মহল্লার আব্দুস সাত্তার মোল্লা ও মর্জিনা বেগমের ছেলে মোহাম্মদ আলী কর্তৃক বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দায়ের করায় কুলিবিট ইজারা কার্যক্রম ৯০ দিনের জন্য স্থগিত করেন।

সাভার পৌরসভা কর্তৃক পৌরসভার আওতাধীন রেডিও কলোনি হতে ব্যাংকটাউন পর্যন্ত সাভার বাজার বাসস্ট্যান্ডের (শাখা রোড ও মহল্লা ব্যতিত) উভয় পাশের বিভিন্ন মার্কেট, কাঁচাবাজার, ফলবাজার, ইত্যাদিতে ব্যবসার উদ্দেশে পরিবহন করা মালামাল লোড-আনলোড কুলি বিট (লেবার হ্যান্ডেলিং) ইজারার জন্য প্রকাশিত বিজ্ঞপ্তির বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন (নম্বর ২২৪৪) দায়ের করেন মোহাম্মদ আলী। উক্ত রিট পিটিশনের প্রেক্ষিতে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের আদালত রিট পিটিশনটি আমলে নিয়ে সাভার পৌরসভা কর্তৃক জারি করা স্মারক নম্বর সাপৌস/প্রশা/২০২৪-২০২৫/২১৫ তারিখ ২০-০১-২০২৫ অনুসারে প্রজ্ঞাপনের কার্যকারিতা ৩ (তিন) মাসের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। একই সাথে উক্ত স্মারকলিপির মাধ্যমে কেন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তার কারণ দর্শানোর জন্য বিবাদীদের প্রতি আহ্বান জানিয়ে একটি রুল নিসি জারি করার আদেশ দিয়েছেন আদালত।

বিশেষ করে সাভার পৌরসভার রেডিও কলোনি থেকে সাভার ব্যাংক টাউন পর্যন্ত টোল আদায়ের ক্ষেত্রে ক্রমিক নং ১৩ (সংযোজনী-খ) সম্পর্কিত কোনো আইনগত কর্তৃত্ব ব্যতীত প্রদত্ত এবং এর কোনো আইনি প্রভাব নেই বলে ঘোষণা করা হবে না এবং/অথবা এই আদালতের কাছে যথাযথ এবং উপযুক্ত বলে মনে হতে পারে এমন অন্য কোনো আদেশ বা আদেশ জারি করা হবে না এই মর্মে ৪ সপ্তাহের মধ্যে বিবাদী পক্ষকে জবাব দিতে বলা হয়েছে।

রিট পিটিশনটিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও স্থানীয় সরকার সমবায় মন্ত্রণালয়ের সচিব, সাভার পৌরসভার মেয়র, ঢাকা জেলা প্রশাসক ও সাভার উপজেলা নির্বাহী অফিসারকে বিবাদী করা হয়েছে।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সাভার পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মো: আবু বকর সরকারের কাছে কুলিবিট (লেবার হ্যান্ডেলিং) স্থগিত হওয়ার ব্যাপারে তার মোবাইলে জানতে চাইলে তিনি রিসিভ করেননি।

সাভার পৌরসভার সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলম মিয়া নয়া দিগন্তকে বলেন, ‘মোহাম্মদ আলীর রিট পিটিশনের কারণে কুলিবিট (লেবার হ্যান্ডেলিং) স্থগিত হলেও আজ (সোমবার) সাভার পৌরসভার হাট-বাজার-ঘাট স্ট্যান্ডসহ মোট ১১টি টেন্ডার ড্রপের কার্যক্রম যথারীতি অনুষ্ঠিত হয়।