যশোরের চৌগাছায় আগুন লেগে পাঁচ কৃষকের পানের বরজ ও পটলক্ষেত পুড়ে গেছে। গত রোববার বিকেলে উপজেলা সুখপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল সোমবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন।
এলাকাবাসী ও ক্ষতিগ্রস্থ কৃষকরা জানান, আগুনে সুখপুকুরিয়া গ্রামের কৃষক নাজিমুদ্দীনের ১০ কাঠা ও নুর ইসলামের ১০ কাঠা পটলক্ষেতে ও কৃষক মিজানুর রহমানের ১২ কাঠা, মাহবুব রহমানের সাত কাঠা ও সেলিম রেজার ১২ কাঠা পানের বরজ পুড়ে যায়। এতে ওই পাঁচ কৃষকের প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষকরা জানান, পানের বরজের কাছে বৈদ্যুতিক পিলারে ট্রান্সফারমার রয়েছে। সেটি বিস্ফোরিত হয়ে আগুনের ঘটনা ঘটতে পারে। তবে পুড়াপাড়া পল্লীবিদ্যুৎ অফিসের এজিএম হাবিবুল্লাহ জনি বলেন, বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে এ অগ্নিকাণ্ড ঘটেনি।



