বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের কোনো নির্বাচন মেনে নেয়া হবে না। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। কারণ, স্থানীয় সরকার নির্বাচনের এখতিয়ার এই সরকারের নেই। গতকাল সোমবার বিকেলে কক্সবাজারে মুক্তিযোদ্ধা মাঠে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদীদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে কক্সবাজার জেলা বিএনপি এই জনসভার আয়োজন করে।
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নার সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় আরো বক্তব্য রাখেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবীবিষয়ক সম্পাদক সাবেক এমপি লুৎফর রহমান কাজল, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনর রশীদ ও ব্যারিস্টার মীর হেলাল প্রমুখ।



