বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, আমরা রোডম্যাপ বুঝি না, নির্বাচনের তারিখ ঘোষণা করুন। একটা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। আমরা গত ১৭ বছর গ্রাম থেকে শুরু করে মহানগর পর্যন্ত আন্দোলন করেছি একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য। আমরা মানুষের মৌলিক অধিকার চাই। মানবাধিকার, সাংবিধানিক অধিকার ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই।
গতকাল সোমবার বিকেলে চাঁদপুর হাসান আলী স্কুল মাঠের চাঁদপুর জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম ও পৌর সভাপতি আক্তার হোসেন মাঝির পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাংগঠনিক সম্পাদক হাজী মো: মোস্তাক মিয়া, লায়ন হারুনুর রশীদ প্রমুখ। উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল ইসলাম, সাবেক আহ্বায়ক সফিউদ্দিন আহমেদ, আবদুল হামিদ মাস্টার প্রমুখ।
সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, আপনারা সংস্কার সংস্কার করছেন। সংস্কার আমরাও চাই। সংস্কারের নামে টালবাহানা করে এই দেশকে আর বেশিদিন অগণতান্ত্রিক রাখবেন না।



