বান্দরবানে এক নারী কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গলায় ফাঁস দিয়ে ওই কনস্টেবল আত্মহত্যা করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। ওই কনস্টেবলের নাম রুম্পা দাশ (৩০)। তিনি বান্দরবান সদর থানায় কর্মরত ছিলেন। সোমবার ভোরে শহরের বনরূপা পাড়ায় নিজ ভাড়া বাসায় তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। স্থানীয় সূত্র জানায়, রাতের খাবারের পর রুম্পা আলাদা কক্ষে ঘুমাতে যান। সকালে দরজা বন্ধ থাকায় সন্দেহ হলে স্বামী দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
বান্দরবান সদর থানার এসআই সাখাওয়াত হোসেন জানিয়েছেন, প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। নিহত রুম্পার স্বামী পুলিশ কনস্টেবল সৌরভ দাশ ঢালী। তাদের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ার ধর্মপুর এলাকায়।