সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী এবং কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহসভাপতি সৈয়দা মোনালিসা ইসলামকে তিন দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করলে রিমান্ডের আদেশ দেন বিচারক বেগম শারমিন নাহার।
পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের কর্মী হাসনাত জামানের দায়েরকৃত সন্ত্রাস বিরোধী আইনের মামলার আসামি হিসেবে মোনালিসা ইসলামকে রোববার রাতে ঢাকার ইস্কাটন রোডের একটি বাড়ি থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাতেই তাকে মেহেরপুর জেলা পুলিশের কাছে সোপর্দ করা হয়। ওই মামলার আসামি হিসেবে মোনালিসাকে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা মেহেরপুর সদর থানার পরিদর্শক তদন্ত সেলিম জাহাঙ্গীর। একইসাথে সন্ত্রাস বিরোধী আইনে পলি খাতুন নামের এক নারীর দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতারের আবেদন করেন তিনি।
আদালত তাকে তিন দিনের রিমান্ড এবং পলি খাতুনের মামলায় গ্রেফতারের আদেশ দেন। আদালতের আদেশে মোনালিসা ইসলামকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। দুয়েকদিনের মধ্যে রিমান্ডের জন্য তাকে সদর থানায় নেয়া হবে বলে জানিয়েছেন সদর থানার পরিদর্শক তদন্ত সেলিম জাহাঙ্গীর।