বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ''রাজনীতি করতে হলে এবং সমাজে বিপ্লব ঘটাতে হলে আমাদের ব্যাপকভাবে সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। এরপর চূড়ান্ত পর্যায়ে গিয়ে রাজনীতি আসবে।''

প্রচলিত রাজনীতি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, ''কাজটি করলে কী হবে, এ প্রশ্ন নয়, আমাদের প্রশ্ন হলো—প্রয়োজন কি? আপনারা আজ যে কার্যালয়ের উদ্বোধন করেছেন, যদি এটিকে আরো সম্প্রসারিত করতে চান, তাহলে আপনাদের প্রথম প্রশ্ন হবে, প্রয়োজন কি? যদি ইসলামের প্রচারের জন্য আমাদের কার্যক্রমে প্রয়োজন হয়, তখন আপনারা সেটা করবেন।'' তিনি বলেন, ''আমাদের প্রধান লক্ষ্য হলো, আমাদের রাজনীতি শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য।''

গতকাল সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১১টা ৩৫ মিনিটে মাওলানা মামুনুল হক চুয়াডাঙ্গা পৌরসভা মোড়ে বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা কার্যালয়ে পৌঁছান। এ সময় তিনি চুয়াডাঙ্গা জেলা, উপজেলায় ও বিভিন্ন পর্যায়ের নেতাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্বদ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের চুয়াডাঙ্গা শাখার সভাপতি মুফতি সোয়াইব আহমেদ কাসেমী।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা শারাফাত হুসাইন, মাওলানা শরিফ সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসনাত জালালী, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি আব্দুল্লাহ আশরাফ, খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের খান প্রমুখ।