চকরিয়ায় তিনটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ মারুফ (৪০) নামে ডাম্পারচালক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো তিনজন। তার মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে চকরিয়া-পেকুয়া-মগনামা সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, চকরিয়ার বরইতলী ইউনিয়নের পহরচাঁদার জনৈক হামিদ মেম্বারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ মারুফ বরইতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কুতুব বাজার এলাকার লোকমান হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পহরচাদা এলাকায় তিনটি যানবাহন যথাক্রমে ডাম্পার, চাঁদের গাড়ি (জিপ) ও যাত্রীবাহী নসিমন গাড়ি ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় ডাম্পার গাড়ির নিচে চাপা পড়ে গাড়ির চালক মোহাম্মদ মারুফ ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদেরকে পুলিশ, ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ সময় সড়ক থেকে সরিয়ে নেয়া হয় দুর্ঘটনায় কবলিত গাড়িগুলো।

এই ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণের পর নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।